বরিশালে দুই ফ্ল্যাটে চুরির ৩ দিন পর মামলা নিয়েছে পুলিশ

বরিশালে অমৃত লাল দে সড়ক সংলগ্ন সমাজকল্যাণ গলির জব্বার ভিলার দুটি ফ্লাটে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি হলেও ছয়দিনেও চোর শনাক্ত করতে পারেনি পুলিশ। এতে নগরীর সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা বলছে, দিন দিন চুরির প্রবণতা বাড়লেও পুলিশের তৎপরতা বাড়েনি।
জানা গেছে, গত বুধবার দুপুরে সমাজকল্যাণ গলির জব্বার ভিলার দুটি ফ্লাটে দরজার তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে যায় চোরের দল। এ ঘটনার পর পুলিশ তাদের বাসা পরিদর্শন করলেও মামলা নিয়েছে তিনদিন পর। কিন্তু এরপরও এ বিষয়ে পুলিশের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।
ভুক্তভোগী জেসন পলাশ বিশ^াস জানান, চুরির ঘটনায় মামলা করতে গিয়ে পুলিশের পেছনে ঘণ্টার পর ঘণ্টা ঘুরতে হয়েছে। অনেক চেষ্টার পর তারা মামলা নিয়েছে। কিন্তু তদন্ত কিংবা মালামাল উদ্ধারে পুলিশ জোরালো কোন পদক্ষেপ নিচ্ছে না।
জেসন পলাশ বিশ্বাস আরো বলেন, চুরির ছয়দিন পার হলেও তদন্তে কোন কর্মকর্তা আসেনি। এমনকি সিসিটিভি ফুটেজে চোর সসদ্যর স্পষ্ট দেখা গেলেও তাদের শনাক্ত করতে পারেনি পুলিশ। তাই চোর আটক হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এজন্য হতাশা প্রকাশ করেন তিনি।
এদিকে একই ভবনের চারতলার বাসিন্দা স্কুল শিক্ষক ইসমাইল হোসেনের বাসা থেকে মোবাইল, নগদ টাকাসহ মূল্যবান মালামাল চুরি হয়। ভুক্তভোগী শিক্ষক ইসমাইল হোসেন জানান, চুরির ঘটনায় কোতয়ালী মডেল থানায় ডায়েরি করেছি।
এ ব্যাপারে মামলাল তদন্তকারি কর্মকর্তা এসআই মিরাজ মোল্লা বলেন, গত রোববার রাতে মামলার তদন্তের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। আইজিপি স্যার আশায় ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। আজ (মঙ্গলবার) সরেজমিনে গিয়ে ভুক্তভোগিদের সাথে কথা বলবো।
আরজেএন