কর্মকর্তাদের ধৈর্য্য হারালে চলবে না: জেলা প্রশাসক

সেবা গ্রহীতাদের সঙ্গে মানবিক আচরণ করতে জেলার সরকারি কর্মকর্তাদের প্রতি তাগিদ দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বাবুগঞ্জে উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শহিদুল ইসলাম বলেন, আপনারা নিজেরা অন্যের কাছ থেকে যে ব্যবহারটা প্রত্যাশা করেন, ঠিক সেই ব্যবহারটাই সেবা প্রত্যাশীদের সাথে করবেন। আইনের মধ্যে থেকে কোন ধরনের হয়রানি ছাড়া সর্বোচ্চ সেবা প্রদান করার নির্দেশ দেন তিনি।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যথাযথ সম্মান দেখিয়ে তাদের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করে দিতে হবে। মুক্তিযোদ্ধারা সেবা নিতে কোন অফিসে আসলে তাদের কথা ধৈর্য সহকারে শুনতে হবে। কোন আইন বর্হিভূত কাজ নিয়ে আসলে বুঝিয়ে বলতে হবে। কর্মকর্তাদের ধৈর্য্য হারালে চলবে না। ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের প্রবেশদ্বার রহমতপুর স্টেশনে যত্রতত্র গাড়ি পার্কিয়ে জনগনের ভোগান্তি হয়। সেখানে ইউএনও গিয়ে প্রথমিকভাবে বুঝিয়ে বলবেন। না মানলে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।
তিনি বলেন, বাবুগঞ্জ বাসীর দীর্ঘ দিনের দাবী একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। আগামী ডিসি সম্মেলনে এ বিষয়ে প্রস্তাব রাখা হবে। এছাড়া বাবুগঞ্জে আরো যে সমস্যা ও অভিযোগ রয়েছে, তা সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা সমাধান করবেন। সমস্যা সমাধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান।
এইচকেআর