বাবুগঞ্জে ব্রিজটি এখন মরণ ফাঁদ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা ও উত্তর রহমতপুর গ্রামের সংযোগস্থলে পাটার ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় এখন পথচারীদের জন্য মরণ ফাঁদে পরিনত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখে গেছে, ব্রিজটি উপরের অধিকাংশ পাটা ভেঙে পড়ে গেছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক ভাঙাস্থানে কাঠ দিয়ে চলাচলের উপযোগী করলেও কয়েক দিনের মাথায় তা আবার নড়বড়ে হয়ে যায়।
এমন অবস্থায় ব্রিজটি দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে এখানকার স্কুল, কলেজের শিক্ষার্থী ও গ্রামবাসী। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও।
স্থানীয়রা জানান, কয়েকমাস আগে রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বর্ষা আক্তার ব্রিজ থেকে পড়ে পা ভেঙে যায়। ব্রিজটি সংস্কারে কেউ কোন উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
রহমতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউল হক বলেন, ব্রিজটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন মহলে বলেও এটি সংস্কারের ব্যবস্থা করতে পারিনি।
এইচকেআর