বাকেরগঞ্জের প্রত্যন্ত গ্রামে ‘হর্ষবর্ধন শ্রিংলা সড়ক’

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার প্রত্যন্ত জনপদ কলসকাঠি ইউনিয়ন। এই ইউনিয়নে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে নবনির্মিত সড়কটি গত ৭ আগস্ট উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নাসরিন জাহান রত্না আমিন।
হর্ষবর্ধন শ্রিংলা ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার ছিলেন। তখন কলসকাঠি ইউনিয়ন সফর করেন তিনি। ব্যবহার অনুপযোগী যে কাঁচা ও আধাপকা সড়ক দিয়ে তিনি যাতায়াত করেছিলেন, সেটি আরও বর্ধিত করে পাকা সড়কে উন্নীত করার পর ‘হর্ষবর্ধন শ্রিংলা সড়ক’ নাম দেওয়া হয়েছে।
এলজিইডি সূত্র জানায়, ডিঙ্গামানিক গ্রাম থেকে শুরু হয়ে ‘সতীন্দ্র স্মৃতি গান্ধী আশ্রম’ হয়ে কলসকাঠি বাজার সড়কে গিয়ে মিলেছে হর্ষবর্ধন শ্রিংলা সড়ক। এর দৈর্ঘ্য ২ হাজার ৭৪০ মিটার। সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ১১ লাখ ৩২ হাজার ৩৩৯ টাকা।
জানা গেছে, কলসকাঠি ইউনিয়ন বাকেরগঞ্জ তথা দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী এলাকা। ব্রিটিশ শাসনমালে ১৪ জমিদার পরিবার ছিল এই ইউনিয়নে। জমিদার বাড়িগুলো এখনও ইউনিয়নের ঐতিহ্য বহন করে। ইউনিয়নের বেবাজ গ্রামে রয়েছে ‘সতীন্দ্র স্মৃতি গান্ধী আশ্রম’। ব্রিটিশবিরোধী অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধীর নামে ১৯৪৬ সালে এটি প্রতিষ্ঠা করেন তৎকালীন গান্ধীবাদী নেতা সতীন্দ্রনাথ সেন ও তাঁর সহযোগীরা। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ১৪ সেবাশ্রমে হামলা এবং কলসকাঠি খালপাড়ে দাঁড় করিয়ে একসঙ্গে ৩৬০ জনকে হত্যা করে। এসব কারণে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ স্মৃতি বহন করে কসলকাঠি। তবে তুলতলী নদী দিয়ে বাকেরগঞ্জ শহর থেকে বিচ্ছিন্ন এই ইউনিয়নে তেমন উন্নয়নের ছোঁয়া নেই। স্মৃতিময় গান্ধী আশ্রম এবং গণহত্যার স্থান দেখতে তৎকালীন হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা ২০১৬ সালে কলসকাঠি সফর করেছিলেন।
বাকেরগঞ্জ রত্না আমিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক বিপ্লব মিত্র বলেন, শ্রিংলার সেই সফর এখনও কলসকাঠিবাসীর মনে ভাসছে। তিনি গ্রামের ব্যবহার অনুপযোগী আধাপাকা ও কাঁচা সড়কে হেঁটে একাত্তরে স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়, এই সফর স্মরণীয় করে রাখতে তাঁর নামে একটি সড়কের নামকরণ করা হবে।
সাবেক এমপি ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। সাবেক রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা কয়েক বছর আগে কলসকাঠি সফরে এসে আমাদের গর্বিত করেছিলেন। সেই ঐতিহাসিক সফর স্মরণীয় করে রাখতে কলসকাঠি ইউনিয়নে নবনির্মিত প্রায় তিন কিলোমিটার সড়ক হর্ষবর্ধন শ্রিংলার নামে করা হয়েছে।
এইচকেআর