ডেঙ্গু প্রতিরোধে বরিশালে সমন্বয় কমিটির সভা

বরিশালে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে অবশেষে মাঠে নামছে জেলা প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। ডেঙ্গু প্রতিরোধে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিস্কার রাখা ও মশক নিধনে ওষুধ প্রয়োগ এবং ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ ও মাইকিং করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসনের সভা কক্ষে জেলা রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, শের-ই বাংলা মেডিকেলের সহকারি পরিচালক ডা. মো. মনিরুজ্জামান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নরুল আলম, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
এর আগে সভার শুরুতে বরিশালের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করেন কর্মকর্তারা। বৃহস্পতিবার বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল ১ হাজার ৪৪ জন ডেঙ্গু রোগী।
এইচকেআর