বরিশালে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

বরিশালে কোস্টগার্ড ও থানা পুলিশের পৃথক অভিযানে ১৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি আটক হয়েছে।
সোমবার রাত পৌনে ১২টা থেকে মঙ্গলবার রাত সাড়ে ৩টা পর্যন্ত পৃথকভাবে এই অভিযান পরিচালিত হয়।
এরমধ্যে বরিশাল-ঢাকা নৌ রুটের এমভি মানামী লঞ্চে তল্লাশী করে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে বরিশাল নদী বন্দর এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটক মাদক করবারি মো. মানিক মিয়া (২১) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন বগাবাড়ি গ্রামের বাসিন্দা।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কীর্তনখোলা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন তারা।
এসময় ঢাকা হতে বরিশালগামী যাত্রীবাহী এম ভি মানামী লঞ্চে তল্লাশী করে ২টি ব্যাগ থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মানিককে আটক করা হয়।
অপরদিকে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।
আটককৃতরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গাগরিয়া গ্রামের মৃত হাবিবুর রহমান সিকদারের ছেলে সিহাব সিকদার (২৪) ও বরিশাল নগরীর ৬ নম্বর ওয়ার্ড কলাপট্টি এলাকার মো. আল আমিন কাজীর ছেলে মো. রাব্বি কাজী।
বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরকাউয়া ইউনিয়নের চরকাউয়া জিরো পয়েন্টে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের দুজনকে আটক করা হয়।
গাঁজাসহ আটকের পৃথক দুটি ঘটনায় পুলিশ ও কোস্টগার্ড বাদী হয়ে কোতয়ালী মডেল ও বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
এইচকেআর