বরিশালে ইজিবাইক চালক হত্যার বিচার চেয়ে সংগ্রাম পরিষদের বিক্ষোভ
1.jpg)
ইজিবাইক চালক শমসের আলী হত্যাকান্ডের বিচার ও ইজিবাইক চুরির সিন্ডিকেটে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে সংগ্রাম পরিষদ। বুধবার সকাল ১১টায় বরিশালের ২৩ নং ওয়ার্ডনিবাসী ইজিবাইক চালক শমসের আলী হত্যাকান্ডের বিচার ও ইজিবাইক চুরির সিন্ডিকেটে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে।
বিক্ষোভ সামাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, সংগ্রাম পরিষদের ২৩ নং ওয়ার্ড সভাপতি রুবেল হাওলাদার, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, নিহত শমসের আলীর মেয়ে সাথী, স্ত্রী ইয়ানুর বেগম, বরিশাল রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন ১৩ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২৫ নং ওয়ার্ড সভাপতি শাহিন শরীফ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, এলাকাবাসী নাসির উদ্দিন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইজিবাইক চালক শমসের আলী হাওলাদার গত ১৮ ডিসেম্বর রাতে কাশিপুর এলাকায় গাড়ি চালাচ্ছিলেন। এসময় একদল দুর্বৃত্ত যাত্রী সেজে তার গাড়িতে উঠে তাকে বিষজাতীয় কিছু খাইয়ে তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে একটি গ্যাসবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি নিহত হন।
নেতৃবৃন্দ বলেন, ইজিবাইক চালক শমসের আলী হাওলাদার হত্যায় জড়িত কাভার্ড ভ্যান চালক ও ইজিবাইক চুরিতে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, এই চোররা দীর্ঘদিন ধরে বরিশালে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিক্সা চুরি করে চলেছে এবং তারা প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এর ফলে চোরেরা দিনদিন বেপরোয়া হয়ে উঠছে ও এধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। বক্তারা ইজিবাইক চুরির সাথে জড়িত চোরদের সিন্ডিকেট নিয়ে সুষ্ঠু তদন্ত করে তাদের গ্রেপ্তার করার দাবি জানান।
সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল বরিশাল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের প্রধান সংগঠক দুলাল মল্লিক।
এএজে