ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশাল সিটির ওয়ার্ডেই মিলবে জন্ম-মৃত্যুর সনদ

বরিশাল সিটির ওয়ার্ডেই মিলবে জন্ম-মৃত্যুর সনদ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী ১ জানুয়ারি থেকে বরিশাল সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকেই জন্ম ও মৃত্যু্ সনদ পাওয়া যাবে। তবে তার আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে এই সেবা পাবেন না নগরবাসী। সেবাটি সিটি করপোরেশন কার্যালয় থেকে দেওয়া হচ্ছিল। তা বন্ধ থাকবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় বরিশাল ক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এত দিন ধরে সিটি করপোরেশন কার্যালয় থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করতেন নগরবাসী। এতে অনেক সময় নাগরিকরা ভোগান্তির শিকার হতেন। তাদের ভোগান্তির কথা চিন্তা করে সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগের কারণে ৮ দিন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। এতে কিছুটা ভোগান্তি হলেও বৃহত্তর স্বার্থে এটুকু মেনে নিতে আপনাদের প্রতি অনুরোধ।’

মেয়র বলেন, ‘এ কার্যক্রমের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ১৬ লাখ টাকা জমা দিয়েছি। কিছু টাকা বাকি আছে। সে টাকা পরিশোধ করে কাউন্সিলর কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসাইন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন প্রমুখ।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন