গৌরনদীতে অনলাইন পোর্টাল প্রতিবেদকের পা ভেঙ্গে দেয়ার অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের এক প্রতিবেদককে বেদম মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে। বিজয় দিবসের অনুষ্ঠান নিউজ পোর্টালে লাইভ প্রচারের সময় ছাত্রলীগের এক নেতার নাম না প্রচার করার জের ধরে শনিবার বিকেলে টরকী বন্দর স্কুলে রোডের তাঁর দোকানে থেকে তাকে তুলে নিয়ে প্রকাশ্যে বেদম মারপিট করেছে বলে দাবি আহত সাংবাদিকের।
হামলায় তাঁর ডান পা ভেঙ্গে গেছে। গুরুতর আহত সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বরিশাল মেট্রো নামে একটি অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক। টরকী বাজারের স্কুল রোডে স্মার্ট কম্পিউটার সেন্টার নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
চিকিৎসাধীন সাংবাদিক মোল্লা ফারুক হাসান জানান, শুক্রবার সকালে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান বরিশাল মেট্রোর অনলাইনে লাইভ প্রচার করেন তিনি। প্রচারের সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর মেয়রসহ সিনিয়র নেতৃবৃন্দের নাম উল্লেখ করেন। ওই লাইভে নিজের নাম প্রচার না করার অজুহাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাশেদ হাওলাদার ও তার সহযোগী শামীম দেওয়ানসহ ৬ থেকে ৮ জন সন্ত্রাসী শনিবার বিকেল সোয়া ৪টার দিকে আমাকে দোকান থেকে তুলে টেনে হিঁচড়ে স্কুল রোডে নিয়ে বেদম মারপিট করে। আত্মচিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে প্রাণে রক্ষা পাই। হামলায় আমার (ফারুক হাসান) এর ডান পা ভেঙ্গে যায়।
এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদিউজ্জামান খান সবুজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু। এর বিচার না হলে আগামীতে অন্য সাংবাদিকরাও আক্রান্ত হতে পারেন বলে তাদের আশংকা।
পৌর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাশেদ হাওলাদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বালু ভরাটে ব্যবসা করে আসছি। সাংবাদিক ফারুক আমার কাছে চাঁদা দাবি করেছে।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা ছাত্রলীগ সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া জানান, রাশেদ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি। সাংবাদিক ফারুকের ওপর হামলার খবর পেয়ে আমরা হাসপাতালে সাংবাদিক ফারুককে দেখতে গিয়াছিলাম। তদন্ত সাপেক্ষে রাশেদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর