বিজয় দিবস প্রীতি ক্রিকেটে বরিশাল সিটি কর্পোরেশন জয়ী

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে, বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল জেলা প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে বরিশাল সিটি কর্পোরেশন জয়ী হয়েছে।
বৃহস্পতিবার নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে আনন্দ মুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। শুরুতে টসে জয়লাভ করে বরিশাল সিটি কর্পোরেশন একাদশের অধিনায়ক ওয়ার্ড কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না ব্যাট করার সিদ্ধান্ত নেন।
নির্ধারিত ১৫ ওভারের ম্যাচে বরিশাল সিটি কর্পোরেশন একাদশ ব্যাটসম্যানদের দৃঢ়তায় ১৬৪ রানের বড় সংগ্রহ করেন। জবাবে ১৬৫ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে জেলা প্রশাসন একাদশ বরিশাল সিটি কর্পোরেশন একাদশের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৩৯ রানে তাদের ইনিংস গুটাতে বাধ্য হয়।
ম্যাচ শেষে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, জেলা প্রশাসন একাদশের অধিনায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল মারুফ ও বরিশাল সিটি কর্পোরেশন একাদশের অধিনায়ক কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না বক্তব্য রাখেন।
পরে ম্যাচে অংশগ্রহনকারী উভয় খেলোয়ারদের পুরস্কৃত করা হয়। গতকালের আয়োজনে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে উভয় দলের খেলোয়ারদের জার্সি ও দুপুরের খাবার প্রদান করা হয়।
মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগকালে বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল উভয় দলের ভালো পারফরমেন্স করা খেলোয়ারদের উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন।
এএজে