ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

বাবুগঞ্জে কৃষক লীগের সভাপতি পিন্টু ও সম্পাদক জাহিদ  

বাবুগঞ্জে কৃষক লীগের সভাপতি পিন্টু ও সম্পাদক জাহিদ  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

এতে বিআরডিবি চেয়ারম্যান মফিজুর রহমান পিন্টু সভাপতি ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতা প্রধান শিক্ষক জাহিদুর রহমান সিকদার তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মো. আব্দুল হাকিম সহ-সভাপতি, মিজানুর রহমান যুগ্ম-সম্পাদক এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সম্পাদক সাইফুল ইসলাম আতিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

গৌরনদী উপজেলার শেরালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের বৈঠক শেষে রোববার রাতে কমিটির ৫ নেতার নাম চূড়ান্ত করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এসময় তার পক্ষে নবনির্বাচিত ৫ নেতার নাম ঘোষণা করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ। এসময় আওয়ামী লীগ ও কৃষক লীগের জেলা কমিটি এবং বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

রোববার (৪ ডিসেম্বর) বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা কৃষক লীগের ওই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। 

বিশেষ অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, কেন্দ্রীয় নেতা কাজী জসিম উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস.এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা আক্তার-উজ-জামান মিলন। 

কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সিকদারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কৃষক লীগের জেলা সভাপতি সাইফুল ইসলাম গিয়াস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল চিশতি। 

বাবুগঞ্জে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ৩ জন সভাপতি প্রার্থী এবং ৬ জন সাধারণ সম্পাদক প্রার্থীকে গৌরনদীর শেরালে নিয়ে যাওয়া হয়। সেখানে দক্ষিণবঙ্গের আওয়ামী রাজনীতির অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহর বাসভবনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের বৈঠকের পরে কমিটি ঘোষণা করা হয়। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন