অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষককে পিটুনির অভিযোগ

বরিশালে এক শিক্ষককে পিটুনির অভিযোগ উঠেছে অধ্যক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নিচ তলায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই দিন রাতেই বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন ওই শিক্ষক।
ভুক্তভোগী নজরুল ইসলাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জুনিয়র ইনসট্রাক্টর। অভিযুক্ত প্রকৌশলী রুহুল আমিন একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
অভিযোগে বলা হয়, অধ্যক্ষ প্রকৌশলী রুহুল আমিন গত ৩০ নভেম্বর নজরুল ইসলামকে কারণ দর্শনোর নোটিশ দেন। ১ ডিসেম্বর নোটিশের জবাব দেন নজরুল ইসলাম। ওই জবাব পছন্দ না হওয়ায় নজরুল ইসলামকে পিটুনি দেন অধ্যক্ষ রুহুল আমিন।
এ ব্যাপারে নজরুল ইসলাম বলেন, ‘আমি কারণ দর্শানোর জবাব দেই। কিন্তু তা অধ্যক্ষের মনপুত হয়নি। পরে আমাকে দ্বিতীয় তলা থেকে নিচ তলার সিঁড়ির নিচে নিয়ে মারধর করেন তিনি। সেখানে সিসি ক্যামেরা নেই ও অন্ধকারাচ্ছন্ন। আমি এখন বরিশাল মেডিকেলে ভর্তি।’
অভিযোগ অস্বীকার করে পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘মারধরের বিষয়টি ভিত্তিহীন। সে কথায় কথায় মিথ্যা বলে। তাকে শোকজ করা হয়েছিল।’
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এএজে