বরিশালে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

বরিশালে জমি ও বাড়ি লিখে না দেওয়ায় স্বামীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ঘাতক স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নগরীর পলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার শেখ ইকবাল কবির (৬০) নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর বৌ বাজার এলাকার মৃত শেখ দেলোয়ার হোসেনের ছেলে। সে এক সময় লঞ্চের সুকানী ছিলেন। অর্ধ পক্ষাঘাতগ্রস্থ হওয়ায় বৌ-বাজার এলাকার অটোরিক্সা চার্জ ও ভাড়া দেয়ার ব্যবসা করতো সে। ইকবাল দুই কন্যা সন্তানের জনক।
গুরুত্বর আহত অবস্থায় ইকবালকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে মাদারীপুর এলাকায় পৌছলে মৃত্যু হয় তাঁর। ঘটনার পর পুলিশ স্ত্রী জাফরিন আরা পপিকে (৪০) গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত বটি।
কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, পারিবারিক বিষয় নিয়ে রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। রাত ১০ টার দিকে বাসার ছাদে বসা ছিলো স্বামী ইকবাল। এসময় পেছন থেকে ইকবালকে বটি দিয়ে এলোপাথারিভাবে কুপিয়েছে স্ত্রী পপি। ইকবালের ডাকচিৎকার শুনে স্বজনরা উদ্ধার করে প্রথমে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকা পাঠিয়ে দেয়।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ বলেন, ঢাকা নেয়ার পথে মারা যায় শেখ ইকবাল। পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এনে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী পপি স্বীকার করেছে জমি ও ভবন তাঁর নামে লিখে না দেয়া নিয়ে ঝগড়া হয়। এর জেরে ক্ষিপ্ত হয়ে কুপিয়েছে। এ ঘটনায় শেখ ইকবালের ভাতিজা মো. সোহাগ বাদী হয়ে মামলা করবে।
এইচকেআর