ধর্মঘট প্রত্যাহার হলেও চলছে না লঞ্চ

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার হলেও বরিশাল-ঢাকা নৌপথে সোমবার কোনো লঞ্চ চলাচল করেনি। এর কারণ হিসেবে যাত্রীচাপ না থাকাকে সামনে আনা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের পর একটি লঞ্চ ঘাটে ভিড়লেও যাত্রীর অভাবে সেটি বরিশাল থেকে ঢাকা যাচ্ছে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, ‘কর্মবিরতি প্রত্যাহারের খবর পেলেও যাত্রী না থাকায় লঞ্চ ঢাকায় যাবে না। কেন না ঘাটে কোনো যাত্রী নেই। যদিও পারাবাত-১২ নামে একটি লঞ্চ বন্দরে অপেক্ষমাণ রয়েছে।’
তিনি বলেন, ’পারাবাতের সুপারভাইজারের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন তারা ট্রিপ দেবেন না।’
দাবি মানার আশ্বাসের পরিপ্রেক্ষিতে সোমবার বিকালে নৌ-ধর্মঘট প্রত্যাহার করেছে নৌযান শ্রমিক ফেডারেশন। এদিন রাজধানীর শ্রম পরিদপ্তরে নৌযান মালিক শ্রমিকদের বৈঠক থেকে এই সিদ্ধান্ত এসেছে।
শ্রম পরিদপ্তরের পরিচালক (ট্রেড ইউনিয়ন এবং শালিসী) মুহাম্মদ নাসির উদ্দিন ধর্মঘট প্রত্যাহারের খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিকরা কাজে ফিরে গেছেন।
ন্যূনতম মজুরি ২০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে শনিবার মধ্যরাত (১২টা ১ মিনিট) থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান ধর্মঘটে যায়। এর আগে গত শুক্রবার নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদের সঙ্গে মালিক শ্রমিকের মধ্যে আরও একটি বৈঠক হয়। ওই বৈঠকে মালিকরা এক মাসের সময় চাইলে শ্রমিকরা তা দিতে অস্বীকৃতি জানিয়ে ধর্মঘটে যায়।
পণ্যবাহী নৌযানের সঙ্গে সারা দেশে নৌপথে যাত্রী পরিবহন বন্ধ করে দেয় শ্রমিকরা। এতে ঢাকা থেকে যেমন কোনো রুটে নৌযান ছেড়ে যায়নি, আবার ঢাকায়ও কোনো নৌযান আসেনি। অচল হয়ে পড়ে প্রধান দুই বন্দর চট্টগ্রাম ও মোংলা।
এএজে