অর্থনৈতিক সংকট লাঘবে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিকল্প নেই: চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতাভোগী সিন্ডিকেট দেশের অর্থ নানা উপায়ে বিদেশে পাচার করছে। রিজার্ভ ইস্যুতে দেশ আজ আর্থিকভাবে পঙ্গু। সাম্প্রতিক প্রতিবেদনে বিগত ১৬ বছরে বিদেশে যে পরিমাণ অর্থপাচারের কথা বলা হচ্ছে, তা সর্বশেষ দুই অর্থবছরের মোট বাজেটের প্রায় সমপরিমাণ। অর্থ পাচার রোধ ও পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) ঐতিহাসিক চরমোনাই মাহফিলের ৩য় দিন সকালে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েতে এসব কথা বলেন তিনি।
রেজাউল করীম বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি না হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিরোধী দলগুলোর সমন্বয়ে সুষ্ঠু নির্বাচনের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা জানান তিনি।
ছাত্র গণজমায়েতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, প্রত্যেক শিক্ষার্থী তাঁর নিজ ধর্মীয় শিক্ষা গ্রহণের অধিকার সংবিধান স্বীকৃত। তাই শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য।
এ সময় তিনি নতুন শিক্ষা কারিকুলামে শিখনকালীন মূল্যায়নের পাশাপাশি সকল পাবলিক পরিক্ষায় সামষ্টিক মূল্যায়নে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে দাবী জানান।
আগামী ৩ ডিসেম্বর ঐতিহাসিক পল্টন মোড়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সম্মেলন সফল করতে আহ্বান জানান কেন্দ্রীয় সভাপতি।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি ও জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, নূরুল ইসলাম আল আমিন প্রমূখ।
সম্মেলন সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন।
এইচকেআর