বরিশালে মওলানা ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা আব্দুল হামদি খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানীর স্মৃতিস্তম্ভে পুষ্পঅর্পন, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় গণসংহতি আন্দোলনের আয়োজনে জনতার শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠিত হয়।
এসময়ে মওলানা ভাসানীর স্মৃতিস্তম্ভে পুষ্পঅর্পন করেন গণসংহতি আন্দোলন, ছাত্র ফেডারেশন, মওলানা ভাসানী পাঠাগার, ভাসানী অনুসারী পরিষদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)।
গণসংহতি আন্দোলন জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, ছাত্র ফেডারেশনের জেলা কমিটির সহ সভাপতি হাছিব আহমেদ, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, সমাজতান্ত্রিক দল জেলা কমিটির সদস্য বিজন সিকদার।
বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন গণমানুষের নেতা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মেহনতী মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তাই পৃথিবীতে যতদিন শোষণ বঞ্চনা থাকবে মওলানা ভাসানী ততদিন প্রাসাঙ্গিক থাকবেন। ক্ষুদ্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোন অপশক্তি মওলানা ভাসানীকে প্রান্তিক করতে চাইলেও তাঁরা তা পারবে না। কারন মওলানা ভাসানী সর্বদা মুক্তিকামী জনতার পথপ্রদর্শক হয়ে আছেন, থাকবেন।
এইচকেআর