বাবুগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স হস্তান্তর

বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত মহিলা আসন-৪৮ এর সংসদ সদস্য লুৎফুন নেছা খান আধুনিক সুবিধা সম্বলিত এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন ও চিকিৎসালয়টিতে স্থাপিত নতুন এক্স-রে মেশিন এর উদ্বোধন করেন।
শনিবার সকাল ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এ্যাম্বুলেন্স হস্তান্তর শেষে ফিতা কেটে স্থাপিত এক্স-রে মেশিন উদ্বোধন করেন তিনি।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফুন নেছা খান বলেন, আমি কাউকে মিথ্যা আশ্বাস দেই না। আমার দ্বারা যতটুকু করা সম্ভব ততটুকুই বলি। এই প্রত্যান্ত অঞ্চলে মেধাবী ডাক্তাররা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যা প্রশংসার দাবি রাখে। আগের যে কোন সময়ের চেয়ে হাসপাতালটির বর্তমান অবস্থা অনেক ভালো। আশাকরি তরুন চিকিৎসক ও সেবিকারা সাধারণ জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে।
হাসপাতালটি স্পিকার আব্দুল জব্বার খান আমার শশুর উপজেলা সদরে দেয়ার চেষ্টা করেছিলো। কিন্তু তখন কেউ জমি দিতে রাজি ছিলো না। তাই তিনি বাধ্য হয়েই হাসপাতালটি বাহেরচর তাঁর নিজের জমির উপর নির্মাণ করেন। সব ঠিক থাকলে অচিরেই সন্ধ্যা ও সুগন্ধা নদীর উপর ব্রীজ হবে। তখন হাসপাতালে যাতায়াত সহজ হবে।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুন।
মেডিকেল অফিসার ডাঃ রুম্মান আল মুন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আরএমও ডাঃ আতিক, আবাসিক মেডিকেল অফিসার-ডাঃ মো. আতিকুর রহমান, মেডিকেল অফিসার- ডা. মো. আব্দুস সালাম, ডাঃ নারজিশ বাশার, ডাঃ সনজিদা, ডাঃ প্রজ্ঞা পারমিতা, ডাঃ মো. সাব্বির আহম্মেদ, ডাঃ মো. টি এম রায়হান মাসুদ, ডাঃ সানজিদা, ওয়ার্কার্স পার্টির নেতা রনি খানসহ হাসপাতালের সকল কর্মচারী ও স্থানীয়রা।
এইচকেআর