দক্ষিণাঞ্চলের মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ গ্রেফতার ৩

খুলনা মহানগরীর দৌলতপুর ও আড়ংঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চলের মোটরসাইকেল চোরাকারবারির মূলহোতা ও তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৮ বরিশাল ক্যাম্পের সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি জানান র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বরিশাল নগরীর মো. রাসেদুল ইসলাম রাহাত নামে এক ব্যক্তি গত ২৩ অক্টোবর র্যাব-৮ বরিশাল ক্যাম্পে তাঁর মোটরসাইকেল চুরি হওয়ার বিষয়টি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র্যাবের একটি আভিযানিক দল মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও এএসপি রেজাউল করিমের নেতৃত্বে তদন্ত শুরু করে।
পরে আজ সকাল সাড়ে ৫টায় খুলনা মহানগরীর দৌলতপুর ও আড়ংঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চলের চোরাকারবারির মূলহোতা খুলনা নগরীর দৌলতপুর থানার কবরখানা রোড মহেশ্বরপাশা নয়াপাড়া এলাকার মো. সেকেন্দার সরদারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫) এবং তাঁর দুই সহযোগী খুলনা নগরীর আড়ংঘাটা থানার আসাদের মোড় এলাকায় মৃত শাহেদ আলীর ছেলে মো. আক্কাস আলী (৪৩) ও মাদারীপুর জেলার সদর থানার চর্মগরিয়া এলাকার মৃত হালান গরিয়ার ছেলে মো. নুর ইসলামকে (৬৫) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব -৮ এর উপ পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এইচকেআর