ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে স্বাভাবিকের চেয়ে ১৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত

বরিশালে স্বাভাবিকের চেয়ে ১৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত অক্টোবরে বরিশালে স্বাভাবিকের চেয়ে ১৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এছাড়া স্বাভাবিকের চেয়ে ২২ দশমিক ২ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে।

আবহাওয়ার বিভিন্ন তথ্য, উপাত্ত পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

অক্টোবরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বরিশালে, ৪৪১ মিলিমিটার; সিলেটে ৩৮৮ দশমিক ৫ মিলিমিটার; ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩১২ মিলিমিটার আর রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে ১২৪ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছে- অক্টোবর মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা ৪২ দশমিক ৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, তবে রাজশাহী বিভাগে স্বাভাবিক অপেক্ষা ২২ দশমিক ২ শতাংশ এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) ২০ অক্টোবর বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। ওইদিন আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়, যা ২১ অক্টোবর একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। এরপর এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ২২ অক্টোবর দুপুর ১২ টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়।

এরপর নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ২৩ অক্টোবর সকাল ৯ টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়। গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড় 'সিত্রাং'-এ পরিণত হয়। ঘূর্ণিঝড় 'সিত্রাং' প্রথমে উত্তর দিকে এবং পরবর্তীতে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ২৪ অক্টোবর রাত ৯টা থেকে পরবর্তী ০৩ ঘণ্টার মধ্যে ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে মধ্যরাত নাগাদ নিম্নচাপ আকারে ঢাকা- কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করে। এরপর এটি আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ আকারে নেত্রোকোনা জেলা ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করে এবং পরবর্তীতে আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়ে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ২৩-২৫ অক্টোবর দেশের অধিকাংশ স্থানে মাঝারি ধরণের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় দেশের অনেক স্থানে অতিভারী বর্ষণও হয়। এ মাসের দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ৩২৪ মিলিমিটার বরিশালে, ২৪ অক্টোবর এটি রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে -১৯৪৮ সালের পর এতো বৃষ্টি আর হয়নি বরিশালে। এছাড়া সিত্রাংয়ের প্রভাবে ঢাকাতেও ওইদিন ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ