বরিশালে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে

বরিশালের মেহেন্দিগঞ্জে যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামী সুমন মুন্সীকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম নুরুল ইসলাম শামীম।
২০১৩ সালে বরিশাল কোতোয়ালি থানাধীন ডিঙামানিক এলাকার আনিস হাওলাদারের মেয়ে সাথীর সঙ্গে মেহেন্দিগঞ্জ উপজেলার আবুল মুন্সীর ছেলে সুমনের বিয়ে হয়। যৌতুকের দাবিতে ২০১৫ সালের ২০ জুন সন্ধ্যায় সাথীকে নির্যাতন করা হয়, যা সাথী নিজেই তার বাবার বাড়িতে ফোন দিয়ে জানান। এরপর ওইদিন রাতে সাথীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টিকে শ্বশুর বাড়ির লোকজন আত্মহত্যা বলে প্রচার করলেও পরে হত্যা বলে প্রমাণিত হয়।
এ ঘটনায় সাথীর বাবার করা মামলায় ওই বছরের ২৭ নভেম্বর সুমন মুন্সীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৬ সালের ৬ নভেম্বর এ মামলায় রায় দেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে সুমন মুন্সীর মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয় এবং আসামিও রায়ের বিরুদ্ধে আপিল করেন। আজ উভয় আবেদনের শুনানি শেষে রায় দেন হাইকোর্ট।
এএজে