ভুয়া সনদধারী প্রভাষক গ্রেফতার

জালিয়াতির মাধ্যমে শিক্ষাগত সনদ দিয়ে প্রভাষক পদে চাকরি করা প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৮। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে তাকে বুধবার আটক করা হয় বলে র্যাব থেকে জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এই সংক্রান্ত এক প্রেসবিজ্ঞপ্তি পাঠায় র্যাব। গ্রেফতার প্রতারক মো. রেজাউল সরকার (৩৩)। সে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ৭নং ওয়ার্ড চিলমারী এলাকার বাসিন্দা আব্দুস সামাদ সরকারের ছেলে।
রেজাউল ভুয়া বিএসসি পাশের অনার্স সনদ দিয়ে বাকেরগঞ্জ উপজেলার বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের কম্পিউটার অপারেশন পদে প্রভাষক হিসেবে চাকরি করছিলো।
র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর ভুয়া বিএসসি অনার্স সনদ দিয়ে রেজাউল সরকার গত ২০ ফেব্রুয়ারি থেকে চাকরি করছে। র্যাব ওই বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে সনদ ভুয়া বলে প্রমাণ পায়। এরপর বুধবার দুপুরে অভিযান চালিয়ে রেজাউল সরকারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ভুয়া বিএসসির সনদ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুয়া প্রভাষক রেজাউলের বিরুদ্ধে জাল-জালিয়াতি প্রতারনার অভিযোগে র্যাব বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেছে। রাতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, র্যাবের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে রেজাউলকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এএজে