মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বরিশালের ফটোসাংবাদিকের মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গণমাধ্যমকর্মী মাহবুব শুভ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার মধ্য রাতে ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে বরিশালের বাকেরগঞ্জে নিজ বাড়িতে ফেরার পথে মাদারীপুরের শিবচর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেছেন।
বিয়ষটি নিশ্চিত করে সাংবাদিক বাদশা ফয়সাল খান সবুজ জানান, রাতে ঢাকা থেকে ফেরার পথে মাদারীপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে শুভর মারাত্মকভাবে যখম হয়ে মৃত্যুবরণ করেন।
শুভ সরকারি বাকেরগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহানের একমাত্র পুত্র। তিনি বরিশাল থেকে প্রকাশিত দুটি দৈনিক পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।
এছাড়া শুভ একজন পেশাদার ফটোগ্রাফার ছিলেন। ব্রাইডাল মেমোরি নামে তাঁর একটি ফটোগ্রাফি ও সিনেমেটোগ্রাফি প্রতিষ্ঠান ছিলো। শুভ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও যুক্ত ছিলেন।
এইচকেআর