বিসিসির কাউন্সিলর মোশারফ আলী খান বাদশার ইন্তেকাল

বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ আলী খান বাদশা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার অ্যামেরিকার নিউইয়ার্কের জুইয়িজ মেডিকেল সেন্টারে বাংলাদেশ সময় আনুমানিক বিকাল ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মোশারফ আলী খান বাদশার মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। তাকে বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে দাফনের কথা জানিয়েছেন মরহুমের ছেলে রচি।
মরহুমের ছেলে রচি জানান, ‘দীর্ঘদিন ধরে তার বাবা অসুস্থ ছিলেন। মাসখানেক পূর্বে তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করা হয়। সেখান থেকে তাকে পক্ষকাল পূর্বে উন্নত চিকিৎসার জন্য অ্যামেরিকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। টানা দুইদিন লাইফ সাপোর্টে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করেন তিনি। শনিবার বিকাল ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ‘মোশারফ আলী খান বাদশা বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের একজন জনপ্রিয় কাউন্সিলর ছিলেন। তিনি তৎকালিন বরিশাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রথম কমিশনার নির্বাচিত হন। এরপর থেকে বতর্মান সিটি কর্পোরেশন পর্যন্ত পাঁচ বারের নির্বাচিত কাউন্সিলর মোশারফ আলী খান বাদশা। তার মৃত্যু খবরে নগরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর খবরে নগরীর গোড়াচাঁদ দাস রোডে মরহুমের বাসভবনে ছুটে যান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া মোশারফ আলী খান বাদশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
এএজে