ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে রিকসা শোভাযাত্রা অনুষ্ঠিত

বরিশালে রিকসা শোভাযাত্রা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত ও অবিলম্বে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন শুরুর দাবিতে বরিশালে রিকসা শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  রোববার সকালে নগরীর শিশুপার্কের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে বরিশাল ক্লাবের সামনে এসে সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচী শেষ হয়। 

এ কর্মসূচী প্রান্তজন, বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বি ডব্লিউ জি ই ডি), উপক‚লীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোপ (ক্লিন) এবং উন্নয়ন বিষয়ক এশিয় জন-আন্দোলন (এপিএমডিডি) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে বক্তব্য দেন ক্যাব-এর সম্পাদক রনজিৎ দত্ত, ম্যাপ-এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, রান-এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, এনভিএস-এর নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, উন্নয়নকর্মী ইব্রাহিম হামিদ মাসুম। সমাবেশে বক্তারা বলেন, আগামী ৫০ বছরের মধ্যে দেশের ১৭টি উপকুলীয় জেলা পানিতে ডুবে যাবে। এরই মধ্যে পরিবেশের বিরূপ প্রভাবে গরম ও পানির উচ্চতা বেড়েছে। 

এ সমস্যা থেকে উত্তরণে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন করতে হবে। এজন্য জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলো থেকে শর্তহীন প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিতে হবে। কিন্তু উন্নত বিশ্ব আমাদের দুর্যোগকে কেন্দ্র করে ঋণের ব্যবসা করতে চায়। আমরা ঋণ চাই না, জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণের পাশাপাশি শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা গ্রহণের জন্য দায়ী দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। 

বক্তারা আরও বলেন, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনায় ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের রূপরেখা দেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে বাজেট বরাদ্দসহ সরকারের আরো সক্রিয় ভূমিকা নেয়া উচিৎ। সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে ব্যাপক পার্থক্য রয়ে গেছে। ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হলেও বাজেট বরাদ্দ করা হয়েছে তিন শতাংশেরও কম। অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা দূর করে নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপের দাবি জানানো হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ