আগৈলঝাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টুর বাড়িতে হামলা করে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আ’লীগ নেতা শফিকুল ইসলাম টিটু তালুকদারের বিরুদ্ধে।
রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সুজনকাঠি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষনিক খবর পেয়ে রাতেই আগৈলঝাড়া থানা পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু অভিযোগ করে বলেন, আমি গৈলা ইউনিয়নে তিনবার ই্উপি চেয়ারমান নির্বাচিত হয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করেছি। ১০ বছর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম।
রোববার দিবাগত রাত ১২টার পর গৈলা ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম টিটু ও ইউপি সদস্য সৌরভ মোল্লার নেতৃত্বে যুব’লীগের ৫-৬ নেতাকর্মী আমার সুজনকাঠীর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে একটি ভবনের জানালার গ্লাস ও অন্য একটি ঘরের পারটেক্সের বেড়া ভেঙ্গে ফেলে এবং আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করে। এ সময় বাড়ির ভারাটিয়া পল্লী বিদ্যুতের লাইনম্যান মো. ফয়সালকে মারধর করার অভিযোগ করেন তিনি।
এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে গৈলা ইউপির বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ নেতা শফিকুল ইসলাম টিটু তালুকদার বলেন, আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এ অপপ্রচার চালানো হচ্ছে। রোববার রাতে বিএনপি নেতা আবুল হোসেন লাল্টুর বাড়িতে বিএনপির কর্মী সভা চলছিল। সভা চলাকালীন সময় উপজেলার ত্রিধা-বিভক্ত বিএনপি তাদের কর্মী সংস্কার নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারির পরিবেশে চলে যায়। এ সময় বিএনপির এক গ্রুপ লাল্টুর বাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে বিএনপি নেতা আবুল হোসেন লাল্টুর ফোন পেয়ে তাৎক্ষনিক এসআই মো. মনিরুজ্জামানকে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে শুনেছি কারা যেন গালমন্দ করে ঢিল ছুড়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর