বিদ্যুৎ ও পানি সংযোগ চালুর দাবি বাসদের

বরিশাল মহানগর পানিবিহীন ও বিদ্যুৎবিহীন কেন?- এই স্লোগানকে সামনে রেখে ও অবিলম্বে মহানগরে সকল সড়কবাতিতে বিদ্যুৎ সংযোগ চালু ও পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের জেলা ফোরামের সদস্য দুলাল মল্লিক। বক্তব্য রাখেন জেলা ফোরামের সদস্য মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা শাখার সহ-সভাপতি মাফিয়া বেগম, ২ নং ওয়ার্ড শাখার সভাপতি শানু বেগম, ১১ নং ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম, ২২ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য লামিয়া সাইমুন প্রমুখ।
বক্তারা বলেন, নগরীর সকল নাগরিকরা সিটি কর্পোরেশনকে নিয়মিত উচ্চহারে হোল্ডিং ট্যাক্স ও পানির বিল পরিশোধ করছে। তবুও নগরীতে আকস্মিকভাবে সকল সড়কবাতিতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ও পানি সরবরাহ বন্ধ করা হয়েছে। বক্তারা অবিলম্বে নগরবাসীর দুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহবান জানান ও অবিলম্বে সকল সড়কবাতিতে বিদ্যুৎ পুনঃসংযোগ ও পানি সরবরাহের লাইন চালু করার দাবি জানান।
এইচকেআর