বিসিসির মৃত্যুবরণ করা দুই কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা

দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করা দুই কর্মীর পরিবারকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আর্থিক সহায়তা প্রদান করেছেন। এছাড়া চিকিৎসার জন্য অসহায় আরো তিনজনকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ তাঁর কক্ষে বসে এ আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। জানা গেছে, বিসিসির দৈনিক মজুরি ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মী মালেক মীর ও ইপিআই কর্মী তহমিনা সিদ্দিক মৃত্যুবরণ করায় তাদের দুই পরিবারের স্বজনদের হাতে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। পরিচ্ছন্নতা কর্মী মালেক মীরের পক্ষে তাঁর স্ত্রী মাকসুদা বেগম এবং ইপিআই কর্মী তহমিনা সিদ্দিকের পক্ষে তাঁর পিতা সিদ্দিকুর রহমান উপস্থিত থেকে চেক গ্রহন করেন।
এছাড়া চিকিৎসার জন্য ফরিদ নবী বাবুকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এর বাইরে অসহায় আরো দুজনকে ১০ হাজার ও পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা, সন্তানের পড়াশুনা, মেয়ের বিয়েসহ বিভিন্ন প্রয়োজনে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।
এইচকেআর