গৌরনদীতে বিষপানে গৃহবধুর মৃত্যুর ঘটনায় মামলা, স্বামী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের শারীরিক নির্যাতন সইতে না পেরে বিষপানে অন্তঃসত্ত্বা গৃহবধু সমাপ্তি বিশ্বাসের (২৬) আত্মহত্যার ঘটনায় স্বামীসহ শ্বশুর বাড়ির তিনজনকে আসামি করে গৌরনদী থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত সমাপ্তির ভাই আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের সুতারবাড়ি গ্রামের সাগর বিশ্বাস (২২) বাদি হয়ে বুধবার রাত ৮টার দিকে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামের স্বামী অসিম সোম (৩৫), দেবর তাপস সোম (৩০), শাশুড়ি মাধবী সোম (৫৫)। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত স্বামী অসিম সোমকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, গৃহবধু সমাপ্তি সোমের লাশের ময়না তদন্ত শেষে বুধবার দিবাগত রাতে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামের শ্বশুর বাড়িতে অন্তোষ্ট্রীক্রিয়া সম্পন্ন হয়েছে। নিহত সমাপ্তির ভাই সাগর বিশ্বাস বাদি হয়ে সমাপ্তির স্বামী, শাশুড়ি ও দেবরকে আসামি করে থানায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত স্বামী অসিম সোমকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক হেলালউদ্দিন জানান।
এইচকেআর