আগৈলঝাড়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাগধা ইউনিয়নের রামদেবেরপাড় এলাকায় কৃষ্ণকান্ত রায়ের বাড়ির সামনের রাস্তায় মাদক গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মিল্টন মন্ডল অভিযান চালায়।
অভিযানে শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার উত্তর হালপট্টি এলাকার গৌরাঙ্গ পাত্রর ছেলে মাদক ব্যবসায়ী গোকুল পাত্র (২৫), একই গ্রামের মাখন বাড়ৈর ছেলে সঞ্জয় বাড়ৈ (২৮) ও আগৈলঝাড়া থানার সরবাড়ি গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে মিলন রায়কে (২৬) ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। এঘটনায় উপপরিদর্শক মিল্টন মন্ডল বাদি হয়ে উল্লেখিত তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অন্যদিকে মঙ্গলবার রাতে উপজেলার পূর্বসুজনকাঠি গ্রামের কার্তিক বেপারীর বাড়ির ব্রীজের উপর থেকে গোপন সংবাদে উপপরিদর্শক নূরে আলম সিদ্দিক ওই গ্রামের আজিজুল মোল্লার ছেলে তাইমুন মোল্লাকে (২১) ১শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
এঘটনায় উপপরিদর্শক নূরে আলম সিদ্দিক বাদি হয়ে তাইমুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে বুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর