ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

জেলা প্রশাসনের হস্তক্ষেপে চরকাউয়া থেকে ৭ রুটে বাস চলাচল শুরু

জেলা প্রশাসনের হস্তক্ষেপে চরকাউয়া থেকে ৭ রুটে বাস চলাচল শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

টানা ছয় ঘণ্টা পর বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে।

জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তাদের হস্তক্ষেপে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে এ বাস টার্মিনাল থেকে ৭ রুটে বাস চলাচল শুরু হয়।

এর আগে, এদিন সকাল ১১টা থেকে বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিক সমিতির নেতারা।

বিষয়টি নিশ্চিত করে ওই সমিতির সভাপতি মনিরুল ইসলাম ছবি বলেন, চরকাউয়া থেকে ৭টি রুটে বছরের পর বছর ধরে যাত্রীসেবা দিয়ে আসছে, আমাদের মালিক সমিতির আওতায় থাকা বাসগুলো। কিন্তু সম্প্রতি এসব রুটে প্রায় ৪শ মোটরসাইকেল, কয়েকশ, ভ্যান, অটোরিকশাসহ অবৈধ নানান ধরনের যানবাহন যাত্রী পারাপার করছে। এতে করে আমাদের বাসগুলোতে দিনে দিনে যাত্রীর সংখ্যা হ্রাস পাচ্ছে। এক কথায় বর্তমানে কোনো বাসেই যাত্রী হচ্ছে না। তার ওপর গোমা ফেরিঘাটে বাস প্রতি জুলুম করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আপডাউনে শত টাকার ভাড়া ৪৪০ টাকা রাখছে। এতে করে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে মালিকদের। এ অবস্থায় বাস চালনা করা সম্ভব না হওয়ায় আজ সকাল ১১টা থেকে ৭ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব প্রশাসন ও বিআরটিএ কর্মকর্তাদের উপস্থিতিতে মালিক ও শ্রমিকদের মাঝে সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। প্রশাসনের আশ্বাসে বিকেল সাড়ে ৫টা থেকে বাস চলাচল শুরু করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম বলেন, আমরা বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেছি। তাদের নিয়ে আগামী জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হবে। সেখান থেকে আমরা সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেবো। তার আগে যাত্রীদের ভোগান্তি লাঘবে বাস চালনা করার আহ্বান জানানো হয়েছে বাস মালিকদের। তারা তাৎক্ষণিক বিষয়টি মেনে নিয়ে বাস চলাচল শুরু করেছে।

উল্লেখ্য বৈঠকে বিআরটিএ কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, ফেরি বিভাগ, ফেরির ইজারাদারসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা থাকবেন বলে জানা গেছে।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ