আগৈলঝাড়ায় গাছ লাগিয়ে পারিবারিক পথ বন্ধ করে দিল প্রতিপক্ষ

বরিশালের আগৈলঝাড়ায় শত বছরের পারিবারিক যাতায়াতের পথ গাছ লাগিয়ে বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে ভোগান্তিতে পরেছে ওই বাড়ির ১০টি পরিবারের শতাধিক লোকজন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন চাদত্রিশিরা গ্রামের হেলজেল বাহাদুর, মতিন বাহাদুরসহ ১০টি পরিবারের শতাধিক লোকজন দীর্ঘ শত বছর ধরে যাতায়াত করে আসছিল এইপথ দিয়ে। ওই বাড়ির অধিকাংশ লোকজন ভ্যান গাড়ী চালিয়ে জীর্বিকা নির্বাহ করে। ওই বাড়ির ৪শতাংশ জায়গার মালিক পাশ্ববর্তী আলী হোসেন বাহাদুর নামে এক ব্যক্তি। হেলজেল বাহাদুরের বাড়ির একটি নলকুপের লাইন নেওয়াকে কেন্দ্র করে একটি শালীস বৈঠকে আলী বাহাদুরকে অপমান করেন মতিন বাহাদুর।
এই কারনে আলী বাহাদুর বিক্ষুদ্ধ হয়ে গত ২৭ আগস্ট হেলজেল বাহাদুরের ঘরের চারিপাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগান। এছাড়াও ওই বাড়ির শত বছরের যাতায়াতের একমাত্র পথেও গাছ লাগিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষ আলী হোসেন। এতে ওই বাড়ির শতাধিক লোকজনসহ ভ্যান গাড়ি চালকদের যাতায়াতের একমাত্র পথও বন্ধ হয়ে যায়।
পথ বন্ধের কারণে তাঁরা বাড়িতে ভ্যান গাড়ী নিতে না পারার কারনে গাড়ীতে চার্জও দিতে পারছেন না। দরিদ্র লোকজন চার্জের অভাবে ভ্যান গাড়ী চালাতে না পারায় বর্তমানে তাঁরা মানবেতর জীবন যাপন করছে।
হেলজেল বাহাদুর জানান, আমাদের শত বছরের চলার পথে গাছ লাগিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা দিনমজুরী করে খাই।
অভিযুক্ত আলী হোসেন বাহাদুর বলেন, আমার জায়গায় আমি গাছ রোপন করেছি। পথ বন্ধের ব্যাপারে বলেন, আমার একার জায়গা দিয়ে পথ দেব না। পাশ্ববর্তী শরীক থেকে কিছু জায়গা দিলে আমি কিছু জায়গা দিব।
এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক তদন্ত মাজহারুল ইসলাম জানান, চলাচলের পথ করে গাছ লাগানোর ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর