ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

হাসপাতালে ঢুকে কুপিয়ে জখম, আরো ৪জন গ্রেফতার

হাসপাতালে ঢুকে কুপিয়ে জখম, আরো ৪জন গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের মেহেন্দিগঞ্জে হাসপাতালে ঢুকে ছাত্রলীগের কর্মীদের এলোপাথারী কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলার আরও চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। 

মঙ্গলবার (৩০ আগস্ট)  দুপুরে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ২৮ আগস্ট মেহেন্দিগঞ্জ থানাধীন সোনামুখী এলাকায় ‘আবির এন্টারপ্রাইজের’ সামনে রাজনৈতিক বিরোধের কারণে কাউন্সিলর সোহেল মোল্লার নেতৃত্বে ১৫-২০ জন রামদা, চাইনিজ কুড়াল এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্রলীগ কর্মী মো. রিমনকে এলোপাথারীভাবে পিটিয়ে আহত করে।

ছাত্রলীগ কর্মী মো. রিমনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে মো. রিমনসহ আর ৪ জনকে হত্যার উদ্দেশ্যে হাসপাতালের জরুরি বিভাগের রুমে ঢুকে যায় প্রতিপক্ষ। তাঁরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ওই চারজনের শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং হাসপাতালের নেবুলাইজার মেশিন, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।

আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে ২৯ আগস্ট ছাত্রলীগ কর্মী মো. ইমরান হোসেন বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

বিষয়টি র‌্যাবের দৃষ্টিগোচর হলে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৬ জনকে আটক করে তাঁরা। এরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে গণি জমাদ্দার (৩৮), মোহাম্মদ রিপন রাঢ়ি (৩৫), পূর্বহনি এলাকার মো. কামাল মাঝি (৩০), মো. সোহাগ (২৫), মো. আল আমিন (২৫) ও মো. মাকসুদুর রহমান মিরাজ (৩৭)।

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম বলেন, সোমবার (২৯ আগস্ট) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মাকসুদুর রহমান মিরাজ নামে দুইজনকে এবং মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে বাকী চারজনকে মেহেন্দিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জাড়িত বাকিদের আটক করে আইনের আওতায় আনা হবে।

এর আগে একই ঘটনায় মেহেন্দিগঞ্জ পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন সোহেল মোল্লা ও কামরুল ইসলাম রিপনকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। এ দুজনসহ র‌্যাবের হাতে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

উল্লেখ্য, ২৮ আগস্টের ঘটনায় আহতদের সবাই মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র কামাল খানের অনুসারী।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ