পুকুর থেকে দুই শিশু ও নদী থেকে রিক্সা চালক সহ চারজনের লাশ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জে পুকুর থেকে দুই শিশু, কীর্তণখোলা নদী থেকে এক রিক্সা চালক ও পায়রা নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
বাকেরগঞ্জে মৃত্যু হয়েছে চাচাতো দুই ভাই রোহান(৫) এবং সাইমুনের(৪)।
সোমবার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুর রহমান বলেন, এই ঘটনায় স্বজনরা কাউকে সন্দেহ করেন না। ফলে আজ মঙ্গলবার সকালে শিশু দুজনকে দাফন করা হবে।
৮ নম্বর ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম বলেন, রোহান মনির হাওলাদারের ছেলে ও সাইমুন শাহিন হাওলাদারের ছেলে।
স্বজনদের ধারণা, দুজনে উঠানে খেলতে খেলতে পুকুর পাড়ে গিয়ে পুকুরে পরে ডুবে যায়। পরিবারের লোকজন খুঁজে না পেয়ে পুকুরে সন্ধান চালালে তিনঘন্টা পর সেখানে লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মনির হাওলাদার ও শাহীন হাওলাদার ঢাকায় থাকেন। তারা বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছেন। হতভাগ্য দুই বাবা মঙ্গলবার সকালে বাড়ি পৌছলে দাফন করা হবে দুই ভাইকে।
এদিকে বরিশাল নগরী সংলগ্ন কীর্তণখোলা নদী থেকে আমির হোসেন (৫০) নামে এক রিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কেডিসি বালুর মাঠ এলাকার সৈয়দ আলীর ছেলে।
সন্ধ্যা ৬টার দিকে নগরীর কেডিসি সংলগ্ন নদীতে থাকা জেটির নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।
বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামান বলেন, সকালে গোসল করতে নামেন আমির হোসেন। পরে তার পরিবার কোনো খোজ না পাওয়ায় এক পর্যায়ে ডুবুরি ও স্থানীয়রা সন্ধ্যার দিকে লাশের সন্ধান পায়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী হুমায়ন কবির জানান, বাকেরগঞ্জ উপজেলার উত্তর রামপুর গ্রামের নানা বাড়িতে বেড়াতে এসেছিলো পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দ্বিপাশা গ্রামের অসীম চন্দ্রের ছেলে অপূর্ব চন্দ্র (১২)। দুপুর আড়াইটার দিকে মৃগী রোগী অপূর্ব পায়রা নদীর শাখা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে তারা গিয়ে নদীতে তল্লাশী করে বিকেল চারটার দিকে অপূর্ব’র লাশ উদ্ধার করা হয়েছে।
এএজে