বামরাইলে অগ্নিকান্ডে ৬ দোকান পুরে ছাই

বরিশালের উজিরপুরে উপজেলার বামরাইলে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুরে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার বামরাইল বন্দরে বিদ্যুৎ শর্কসার্কিট হয়ে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়।
সূত্রে জানা যায় প্রথমে মিঠুন দাসের জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী মামুন খান মুদি মনোহরি, সুমন সরদারের ফার্মেসী, বিশ্বজিত দেবনাথের মুদি দোকান, সবুজ হাওলাদারের চায়ের দোকান, নাসির উদ্দিন শরীফের মুদির দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।
ব্যবসায়ী ও স্থানীয়রা জানান রাত ৩টার দিকে প্রথমে মিঠুন দাসের জুতার দোকানে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়লে নৈশ প্রহরী নুরুল ইসলাম খলিফা, অদুত হাওলাদার, আলাউদ্দিন বিশ্বাস ডাকচিৎকার করে এবং ফায়ার সার্ভিসকে অবহিত করে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই ৬টি ব্যাবসায় প্রতিষ্ঠান সম্পূর্ণ পূড়ে ছাই হয়ে যায়।
ব্যবসায়ী মিঠুন দাস জানান তার জুতার দোকান পুড়ে ৩ লক্ষাধীক টাকা, মামুন খান জানান তার মুদি মনোহারি দোকান পুড়ে ৩ লক্ষাধিক টাকা, সুমন সরদার জানান তার ফার্মেসী ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ১৫ লক্ষ টাকা, বিশ্বজিৎ দেবনাথ জানান তার মুদি দোকান পুড়ে ৬ লক্ষাধিক টাকা, সবুজ হাওলাদার জানান তাঁর চায়ের দোকান পুড়ে ৩ লক্ষাধিক টাকা, ও নাসির উদ্দিন শরীফের মুদি দোকান পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। এছাড়াও বিভিন্ন দোকানে থাকা মূল্যবান কাগজপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ হোসেন হাওলাদার, বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সরদার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। পরিদর্শন কালে উপজেলা আওয়ামী লীগের পক্ষে সংসদ সদস্য মো. শাহে আলম ক্ষতিগ্রস্থ ৬ ব্যবসায়ীকে জন প্রতি নগদ ১০ হাজার টাকা করে প্রদান করেন।
এইচকেআর