বরিশালে দুই মাদক কারবারি গ্রেফতার

বরিশালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (১৪ আগস্ট) রাতে নগরীর বিএম কলেজ ও বৈদ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে বরিশাল মেট্রোপলিটন মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, নগরীর ২০নং ওয়ার্ডের বিএম কলেজ রোড তালভিটা ১নং গলির গাজী সিদ্দিকুর রহমানের ভাড়াটিয়া মো. ইসমাইল হোসেন মিল্টনের স্ত্রী পারভীন বেগম (৩৬) ও একই ওয়ার্ডের পশ্চিম বৈদ্যপাড়া জাকির সরদারের ভাড়াটিয়া মো. জহিরুল ইসলাম রিন্টু (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১ টার দিকে নগরীর বিএম কলেজ ১ম গেইট সোনালী ব্যাংক লিমিটেডের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ বোতল ফেনসিডিলসহ পারভীন বেগমকে গ্রেফতার করা হয়। এর আগে একই দিন রাত পৌনে ১ টার দিকে পশ্চিম বৈদ্যপাড়া জাকির সরদারের জাহানারা লজের পূর্ব পাশের নীচ তলার ফ্লাটে অভিযান চালিয়ে মো. জহিরুল ইসলাম রিন্টুকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বরিশাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর