ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে জেলা প্রশাসনের ‍আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

বরিশালে জেলা প্রশাসনের ‍আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদত বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি মালিকাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ছয়টা থেকে বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। 

বরিশাল বিভাগীয় কমিশনার ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, সরকারি বেসরকারি দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক-সাংস্কৃতিক  সংগঠনের  নেতারা জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।  পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, বীর মুক্তিযোদ্ধা কেএসএম মহিউদ্দিন মানিক, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধু বাঙালি জাতির মনে যে বীজ বপন করেছিলেন তা আজকের প্রজন্মের মধ্যে বহমান। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়ার কাজে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। খুনীদের সাথে স্বাধীনতার স্বপক্ষের শক্তির আত্মীয়তা বা সমঝোতা নয়। আমরা যদি সততা আর নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করি তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। সভা শেষে স্থানীয় শিল্পীরা ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন। 

পরে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ১৪৩ জন সুবিধাভোগীকে ৭৪ লক্ষ ৭৫ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়। এসময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাদ যোহর নামাজ শেষে নগরীর সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। বরিশাল আঞ্চলিক তথ্য অফিস শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে দিনব্যাপী বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ