বরিশালে অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসক

বরিশাল নগরীতে অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। মঙ্গলবার সকালে নগরীর সিঅ্যান্ডবি রোডের চৌমাথা পুলের দক্ষিণপারে খুপরি ঘরে বসবাসরত বৃদ্ধ দম্পতি হাসিনা বেগম ও মোতালেব হাওলাদারকে দেখতে ছুটে আসেন তিনি।
এসময় তাদের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। পরে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুজিববর্ষের আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান করেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ আরও অনেকে।
উল্লেখ্য, ঝালকাঠির নলছিটি উপজেলার ডেবরা গ্রামের বাসিন্দা হাসিনা বেগম ও মোতালেব হাওলাদার। ৪০ বছর আগে সুগন্ধা নদীতে ভিটেমাটি বিলীন হয়ে তাদের। এরপর বরিশালে চলে আসেন তাঁরা।
সেই থেকে মোতালেব হাওলাদার রিকশা মেরামতের কাজ করতেন। ৭ বছর আগে মোতালেব স্ট্রোক করে চলৎশক্তি হারান। আর একমাত্র ছেলে বিয়ে করে ঝালকাঠিতে তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করেন।
এমন পরিস্থিতি নগরীর চৌমাথায় রাত্রিকালীন বাজারে শাক-পাতা বিক্রি করেন অসহায় বৃদ্ধ দম্পতি। যতটুকু বেচা কেনা হয়, সেই টাকা দিয়ে সংসার চালানো শুরু করেন তাঁরা। এনিয়ে জাতীয় দৈনিক সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদটি বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর দৃষ্টিগোচর হয়। ফলে মঙ্গলবার তাদের দেখতে নগরীর চৌমাথা এলাকায় খুপরি ঘরে গিয়ে চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেয়ার পাশাপাশি তিনি চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুজিববর্ষের আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান করেন বৃদ্ধ দম্পতিকে।
এইচকেআর