আগৈলঝাড়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া অভিযানটি সন্ধ্যা ৭টার দিকে শেষ হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন বলেন, যথাযথ আইন অনুসরণ না করে পরিচালিত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সন্যামত ডায়াগনিষ্টিক সেন্টারকে ২০ হাজার টাকা ও পয়সারহাট বন্দরে জনসেবা ডায়াগনিষ্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ, অনুমোদনহীন ও যথাযথ আইন অনুসরণ না করা সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, ডা. অর্নব সাহা, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, উপজেলার ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টির নিবন্ধন রয়েছে, ৬টি প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং বাকি একটির লাইসেন্স নেই।
এইচকেআর