উজিরপুরে দুর্ঘটনার কবলে বাস, এখন পর্যন্ত নিহত ৮

বরিশালের উজিরপুরে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ ৮ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৫ জনের মতো আহত হয়েছেন। রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ। তিনি জানান, এখন পর্যন্ত ৮ জনের মরদেহ বাস কেটে বের করা হয়েছে। উদ্ধার কাজ চলছে।
তিনি জানান, বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। নিহতদের উদ্ধারে কাজ চলছে। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গাড়িটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে।
এসএমএইচ