বরিশালে ছাত্রদলের বিক্ষোভে বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত পুলিশ

ঢাকায় নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার জেলা ও মহানগর এবং রোববার উপজেলা, পৌরসভা এবং কলেজ পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ মিছিল করবে জেলা ও মহানগর ছাত্রদল। শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার পরিকল্পনা রয়েছে তাদের। এমনকি শনিবারের কর্মসূচি পূর্বের থেকে কঠোরভাবে পালনের প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা। তবে বিক্ষোভ মিছিলের নামে শান্তিপূর্ণ নগরীতে বিশৃঙ্খলার সুযোগ পাবে না ছাত্রদল। অশান্তির চেষ্টা করা হলে তাদের কঠোর হস্তে প্রতিরোধের জন্য প্রস্তুত থাকবে পুলিশ।
সূত্রমতে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হাইকোর্ট এলাকায় ছাত্রদলীগ ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক। শনিবার থেকে দুদিনব্যাপি এই বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য সকল সিটি এবং জেলা, উপজেলা ও পৌর শাখা ছাত্রদল নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, ‘গত কদিন ধরে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। গত বৃহস্পতিবার পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশের পূর্বে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। তার আগের দিন ঝালকাঠির রাজাপুরে ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়।
তবে কর্মসূচিকে ঘিরে এখনো কোন বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি বরিশাল নগরীতে। বিএনপি তাদের দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করেছেন বাধাহিনভাবে। যদিও দলীয় কার্যালয়ের বাইরে সদররোড এলাকায় কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ছেন দলীয় নেতাকর্মীরা। তবে শনিবারের কর্মসূচি নিয়ে কিছুটা উৎকণ্ঠা বিরাজ করছে নগরবাসীর মধ্যে।
আলাপকালে কয়েকজন সাধারণ নাগরীক মতবাদকে জানান ‘ঢাকায় ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে নেতৃত্ব দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। আর জুয়েলের বাড়ি বরিশালে। যে কারণে কেন্দ্রীয় নেতার দৃষ্টিতে আসতে হলেও বরিশালের নেতারা কিছুটা হলেও মারমুখি ভূমিকায় থাকতে পারে।
এ প্রসঙ্গে বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী বলেন, ‘বরিশালে আমরা পূর্বেও আন্দোলন করেছি। তবে শনিবারের কর্মসূচি একটু ব্যতিক্রমভাবে করার পরিকল্পনা রয়েছে। তাতে কেউ বাধা দিতে আসলে আমরাও প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবো।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, ‘সকাল ১১টার দিকে আমরা কর্মসূচি পালনের পরিকল্পনা করেছি। জেলা এবং মহানগর ছাত্রদল এক সঙ্গেই বিক্ষোভ মিছিল করবো। তবে এ ক্ষেত্রে প্রশাসনের কোন অনুমতি নেয়া হয়নি। অনুমতি না নিয়েই বিক্ষোভ করবো। আর কোন প্রকার বাধা আসলে সেই বাধা ভেঙেই বিক্ষোভ করবো। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে মাঠে নামছি।
এদিকে, বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম বলেন, ‘ছাত্রদল শান্তিপূর্ণভাবে কর্মসূচি করলে কোন সমস্যা নেই। তবে বিশৃঙ্খলা হতে দেয়া যাবে না। এমনটি করতে চাইলে আইনের মধ্যে থেকে আমাদের যতটুকু করা প্রয়োজন তা করতে পিছপা হবো না। শনিবারের কর্মসূচিকে ঘিরে আমাদের সেভাবেই প্রস্তুতি থাকবে।
এমইউআর