বরিশাল নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত

বেপরোয়া গতীতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ হারিয়েছে দুই কলেজছাত্র। এদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপরজনকে হাসপাতালে ভর্তি করার পরে মারা যান। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন বান্দরোডে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরীর ৮ নম্বর ওয়ার্ডে বাজার রোড এলাকার উত্তম সাহার ছেলে সুদীপ্ত সাহা গোপাল (২৫) ও একই এলাকার দিলীপ সাহার ছেলে অন্তু সাহা হৃদয় (২৪)। এদের মধ্যে সুদীপ্ত সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্সের ছাত্র এবং অন্তু বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র। এরা দুজন কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী দেলোয়ার নামের স্থানীয় যুবক জানিয়েছেন, ‘লঞ্চঘাটের দিক থেকে একটি মোটরসাইকেলে ওই দুই যুবক শেবাচিম হাসপাতালের সামনে হয়ে আমতলার মোড়ের দিকে যচ্ছিল। মোটরসাইকেলের চালক যুবক বেপারোয়া গতীতে মোটরসাইকেল চালাচ্ছিল।
পথিমধ্যে দ্রুত গতীতে হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন গেটের অদূরে বান্দরোডের মোড় ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুটির সাথে আছড়ে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে চালকের মুখমন্ডল থেতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া পেছনে থাকা অপর যুবক মাথায় আঘাতপ্রাপ্ত এবং প্রচন্ড রক্তক্ষরণ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পরেই ওই যুবকের মৃত্যু হয়।
এদিকে, খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন, দ্রুত গতীতে মোটরসাইকেল চালানোর কারণেই মর্মান্তিত এই দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া মোটরসাইকেলে থাকা কারোর মাথায় হেলমেট ছিল না।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম জানান, দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
কে আর