বসতঘরে ‘মজুত রাখা’ বোমা বিস্ফোরণ

গৌরনদীতে একটি বসতঘরে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বসতঘরের কিছু অংশের টিন উড়ে গেছে। সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার বার্থী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দনপট্টি এলাকার কবির মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে। কবির মৃধা নন্দনপট্টি এলাকার মৃত মোহাম্মদ মৃধার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে কবির মৃধার বসতঘর থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কবির মৃধার বসতঘর ধোঁয়ায় ছেয়ে গেছে। বিস্ফোরণে ঘরের মধ্যে থাকা স্টিল আলমারির কিছু অংশ বাইরে উড়ে এসে পড়েছে। ঘরের কিছু অংশের টিন উড়ে যায়। ঘরের ভেতরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিস্ফোরণের সময় কবির মৃধা ঘরে ছিলেন না। তার পরিবার ছিল। তবে কেউ হতাহত হয়নি। স্থানীয়দের অভিযোগ, কবির মৃধা তার বসতঘরে বোমা-ককটেল মজুত রেখে পরে নাশকতাকারীদের কাছে বিক্রি করতেন। ধারণা করা হচ্ছে, ঘরের মধ্যে স্টিল আলমারিতে বোমা মজুত রাখা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য নূর মোহাম্মদ সরদার বলেন, ‘কবির মৃধা এলাকায় বোমা কবির নামে পরিচিত। কবিরের বিরুদ্ধে মাদক কেনাবেচাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়া নাশকতাকারীদের কাছে বোমা ও ককটেল সরবরাহ করতেন কবির। বিষয়টি এলাকার অনেকেই জানে। কেউ কিছু বললে বোমা কবির ভয়ভীতি দেখাতেন। পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ারও হুমকি দিতেন।’
এ বিষয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদ ছাড়াও বিস্ফোরণের আলামত সংগ্রহ করবে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর