ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news
নুরের উদ্বেগ

‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’

‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নানা সংকট, রোগীদের ভোগান্তি ও জনবল ঘাটতির চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল হক নুর।


হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন, এই পরিবেশে মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ্য হচ্ছে এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর পৌনে ১টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাসপাতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরে নুর বলেন, আপনারা দেখেছেন একটি সীমিত ভৌত অবকাঠামো নিয়ে একটি বিশাল জেলার মানুষকে তারা চিকিৎসা সেবা দিচ্ছে। এখানে একটি ২৫০ শয্যার হাসপাতাল রয়েছে সেখানে প্রতিদিন রোগী হয় ৮০০-৯০০। তাদের সাথে দু-একজন স্বজন থাকে। সেই বাস্তবতায় এখানে অবকাঠামো একেবারেই কম। শিশু থেকে বৃদ্ধ অনেকেই হাসপাতালের করিডোরে চিকিৎসা নিচ্ছেন। অনেক ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, এই মেডিকেল কলেজের সাথে একটি ৫০০ শয্যার হাসপাতাল হওয়ার কথা কিন্তু সেটি নানান কারণে হয়নি। যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাকে এখানে দায়িত্ব দিয়েছে, এজন্যই আমি হাসপাতালের বাস্তব চিত্রটা বোঝার জন্য আজ পরিদর্শনে এসেছি।

দেশের হাসপাতালগুলোতে জনবল সংকটের বিষয় তুলে ধরে নুর বলেন, ‘শুধু পটুয়াখালী নয়, দেশের বিভিন্ন স্থানের জেলা উপজেলার হাসপাতালগুলোতে মেডিকেল অফিসারসহ তীব্র জনবল সংকট রয়েছে। উপজেলা পর্যায়ের চেয়ে জেলা পর্যায়ের অবস্থা আরও ভয়ংকর। এখানে দেখলাম ৫৯ জনের পদ আছে কিন্তু জনবল আছে মাত্র ১৮ জন। দুই তৃতীয়াংশ যদি অনুপস্থিত থাকে, তাহলে তারা সেখানে চিকিৎসা কীভাবে দিবে?’

স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে এই পরিবেশে মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে সেটা আসলে আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী যেহেতু স্বাস্থ্য খাতের উপরে বিশেষ নজরদারি করছেন, এজন্য তিনি হেলথ কার্ড চালু করতে যাচ্ছেন। বিভিন্ন হাসপাতালে জনবল বাড়ানোর মাধ্যমে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন।

এ সময় ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে নুর বলেন, ভবিষ্যতে হাসপাতাল এলাকার বাইরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আরও একটি ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. জুয়েল রানা, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজাসহ স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন