ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news
তিনদিনে ১৪ জনের মৃত্যু

আখেরী মোনাজাতে শেষ হলো চরমোনাইয়ের মাহফিল

আখেরী মোনাজাতে শেষ হলো চরমোনাইয়ের মাহফিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে চরমোনাইয়ের তিনদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল। এই তিনদিনে মাহফিলে আগত কয়েক লাখ মুসল্লির মধ্য থেকে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটির সহ-সমন্বয়কারী কে এম শরীয়াতুল্লাহ।

তিনি জানান, মারা যাওয়া ১৪ জনের মধ্যে মাহফিলে আসার পথে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রলার ডুবিতে ৪ জন এবং আরো দশজন ষাটোর্ধ মুসল্লী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাহফিল ময়দানে মৃত্যুবরণ করেন। তাদের জানাজা শেষে মরদেহ নিজ নিজ স্বজনদের মাধ্যমে দাফনের জন্য এলাকায় পাঠানো হয়েছে।

কে এম শরীয়াতুল্লাহ জানান, সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক মাহফিল। আখেরী মোনাজাত পরিচালনা করেন চরমোনাইয়ের পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আখেরি মোনাজাতে প্রশাসনিক, রাজনৈতিক, সম্মানিত ওলামায়ে কেরাম, মুসল্লীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন। ফজরের পরে শুরু করা বয়ানে চরমোনাইয়ের পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, একশ্রেণীর মানুষ আল্লাহর জিকির না করলে তাদের ভালো লাগে না। আর এক শ্রেণীর মানুষ আছে যাদের জিকির ও মাহফিল সহ্য হয় না, এরা বড়ই অদ্ভুত। সরকারী দলের কোনো কোনো নেতা বলেন তাদের নাকি মাহফিলের আওয়াজ ভালো লাগে না। এমন লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামীন হেদায়েত দান করুন।

তিনি বলেন, প্রত্যেক মুসলমানের ক্বলব পরিস্কার করতে হবে। আর এই ক্বলব পরিস্কার করতে হক্কানী ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখদের স্মরণাপন্ন হতে হবে। ক্বলব পরিস্কার না করে আখেরাতের জগত বড় কষ্টের হতে পারে। পীর সাহেব চরমোনাই বলেন, যার ভেতরে তাকাব্বুরী থাকবে তারা বেহেস্ত তো দূরের কথা বেহেস্তের ঘ্রাণও পাবে না। তাই আমাদের সকলকে তাকাব্বুরী মুক্ত হতে হবে। প্রসঙ্গত, শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) জুমার পরে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিনদিনের মাহফিলের এবারের আয়োজন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন