ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম

জানুয়ারিতে বরিশালের সড়কে ঝড়েছে ১৫ প্রাণ

জানুয়ারিতে বরিশালের সড়কে ঝড়েছে ১৫ প্রাণ
ছবি: প্রতীকি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলাজুড়ে জানুয়ারি মাসে ১৪টি সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৫ জন আর আহত হয়েছেন অন্তত ১৭ জন। বরিশাল জেলার বিভিন্ন থানা পুলিশ সূত্রে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ২০২২ সালের জানুয়ারি মাসব্যাপী ট্রাক-বাস চাপা ও ধাক্কায়, মোটরসাইকেলের সংঘর্ষে ১৪ টি সড়ক দূর্ঘটনা ঘটে। এতে নারী-পুরুষ, শিশু-বয়বৃদ্ধসহ ১৫ নিহত হয়েছেন। এরমধ্যে ৭ জন যুবক, শিশু তিনজন, নারী বৃদ্ধা দুইজন, বৃদ্ধ পুরুষ তিনজন রয়েছে। ১ জানুয়ারী রাতে বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর এলাকায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের মালামাল পরিবহনের ট্রলি ছিটকে পড়লে চালক রমজান আলী (২৬) নিহত হন।

একই তারিখের ভোরে  গৌরনদীর আশোকাঠি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় শহিদুল হক খান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শহিদুল পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার কেশবকাঠী গ্রামের নুর হোসেন খানের ছেলে।

২ জানুয়ারি বরিশাল জেলার মুলাদীর মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহসংলগ্ন এলাকায় মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান। নিহত তিনজন হলেন বড়ইয়া কাজিরচর এলাকার ইদ্রিস হাওলাদার (৬০), একই এলাকার হারুন নলী (৪৫) ও ওমানপ্রবাসী রাজীব নলী (২৩)। 

একই তারিখে  বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশায় এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে রনজিৎ দাস নামে এক বাসযাত্রী নিহত ও ১২ জন আহত হন। 
৫ জানুয়ারি দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বার্থী গ্রামের সজিবুর রহমান নামে এক যুবকের বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে পুষ্প রানী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একই তারিখের সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদেরখালপাড় নামক এলাকায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের চাপায় রাশিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন।নিহত রাশিদা গৌরনদী উপজেলার সাউদেরখাল গ্রামের আব্দুস সালাম মাঝির স্ত্রী। 
এছাড়া বিকেল সাড়ে ৩টায় বরিশাল-পটুয়াখালী সড়কের  বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসচাপায় আসলাম হাওলাদার (৩২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

৮ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সোলায়মান মোল্লা (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন।

১৪ জানুয়ারি দুপুরে  মুলাদী বাসস্ট্যান্ড এলাকায়  পিকআপ ভ্যানের ধাক্কায় উপজেলার দরিচর লক্ষ্মীপুর এলাকার শফিক ঘরামীর ছেলে নিরব ঘরামী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

২৩ জানুয়ারি  দিবাগত রাতে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের পশ্চিমপাড় এলাকার মোড়ে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হোসেন সিকদার (২৫) নিহত হয়েছেন।

একই তারিখে বানারীপাড়ায় রাস্তা পারাপারের সময় ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে এমদাদুল হক (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে জেলার বানারীপাড়া উপজেলার কচুয়া সুলতানা রাজিয়া বিদ্যা নিকেতনের শিশু শ্রেণির ছাত্র ছিল।

২৬ জানুয়ারি সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী  উপজেলার বার্থী কলেজের সামনে বাসের চাপায় বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর দুই ছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরেক স্কুল ছাত্র। তিনজনই করোনার টিকাগ্রহণের জন্য মোটরসাইকেলে চড়ে যাচ্ছিল বলে জানান গৌরনদী  থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

২৮ জানুয়ারি ভোর রাতে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে ডাবেরকুল স্কুল সংলগ্ন ব্রিজটি ভেঙে ভেকু মেশিনসহ লরি খালে পড়ে যায়। এতে এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

একই তারিখের রাত ৯ টার দিকে বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে থামানো একটি করে অটোরিকশা , ব্যাটারি চালিত রিকশা ও প্যাডেল চালিত রিকশাকে চাপা দেয় সাকুরা পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস। এতে চারজন আহত হন।  তবে  অন্য লোকাল  পরিবহনের হেলপার এ দূর্ঘটনা ঘটিয়েছে বলে দাবী সাকুরা পরিবহন কর্তৃপক্ষের।

সিনিয়র সাংবাদিক বিধান সরকার জানান, সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কগুলো স্প্রীডব্রেকার (গতিরোধক) স্থাপন না করাই ভালো। কেননা মহাসড়কে যানবাহন চলাচলে গতি বেশি থাকে।  হঠাৎ স্প্রীডব্রেকার চোখে পড়লে যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা ঘটে।  এক্ষেত্রে মোটরসাইকেলের দূর্ঘটনা বাড়ছে। যদিওবা বিশেষস্থানে স্প্রীডব্রেকার প্রয়োজন হয় তাহলে স্প্রীডব্রেকারের দুইপাশে জেব্রাক্রসিং বা সংকেত চিহ্ন ব্যবহার করতে হবে।

এছাড়াও বিভিন্ন মহাসড়কের পাশে হাট-বাজার বসে। তাতে প্রায় সময়ই পথচারীদের মৃত্যু হয়।  তাই সড়কের পাশে বসা হাটবাজার সরিয়ে অন্তত ১৮/২০ ফিট দূরে বসার ব্যবস্থা করা। সর্বোপরি সকলের ট্রাফিক আইন মেনে যানবাহন চলাচল করা উচিত।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন  জানান , সড়ক দূর্ঘটনা রোধে সবার প্রথমে চালক-হেলপার ও যাত্রীদের সচেতন হতে হবে। সড়কের আইন মেনে যানবাহন চলাচল করলে সড়ক দূর্ঘটনা অনেকাংশেই কমে যাবে আশাবাদী তিনি।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ