ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

ভোলার মনপুরায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. সুমনকে (২৭) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮-এর ভোলা ক্যাম্পের কমান্ডার মো. মোখলেসুর রহমান। এর আগে, বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর থানার নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুমন ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ গ্রামের মো. মোস্তফার ছেলে।
মোখলেসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার গুরুদাসপুর থানার নয়াবাজার এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় র্যাব-৮ এর ভোলা ক্যাম্প, র্যাব-৫ ও সিপিসি-২ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট সন্ধ্যায় ওই ছাত্রী সুমনের রান্নাঘরের পাশে লাকড়ি কুড়াতে যায়। এ সময় সুমন তার মুখ চেপে ধরে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার চারদিন পর, গত ১০ আগস্ট, ভুক্তভোগীর মা বাদী হয়ে মনপুরা থানায় সুমনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
এইচকেআর