ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

অভিনব কৌশলে প্রতারণা, দুই ব্যবসায়ীর মাথায় হাত

অভিনব কৌশলে প্রতারণা, দুই ব্যবসায়ীর মাথায় হাত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


একটি ওষুধ কোম্পানির বার্ষিক সভা ও ভোজ অনুষ্ঠানের নামে নতুন এক প্রতারণার শিকার হয়েছেন একটি রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারের দুই ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার খান মার্কেটের দুটি প্রতিষ্ঠানে।

শুক্রবার দুপুরে ওষুধ কোম্পানির বার্ষিক সভা আয়োজনের কথা বলে বিপুল পরিমাণ বাজার করিয়ে রান্নার আয়োজন করে কেটে পড়েছে মিজানুর রহমান নামে প্রতারক। এর মধ্যে দোকান থেকে বেশ কিছু পণ্যও নিয়ে গেছে সে।

মিরসরাই সুইস গার্ডেন কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক মো. নোমান বলেন, একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে মিজানুর রহমান নামে এক ব্যক্তি তাদের বার্ষিক সাধারণ সভার আয়োজন করার কথা বলে আমাদের হলটি ভাড়া নেওয়ার জন্য আসে। কমিউনিটি সেন্টারের পাশাপাশি সুইস গার্ডেন রেস্টুরেন্ট থেকে ৩০০ মানুষের খাবারের আয়োজনের কথা জানায়। পরে রেস্টুরেন্ট ব্যবস্থাপকের সঙ্গে কথা বলিয়ে দিই।

রেস্টুরেন্টের ব্যবস্থাপক মো. সাহাবউদ্দীন বলেন, কমিউনিটি সেন্টারে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হবে। এ বাবদ তিনি ১৮ হাজার টাকার একটি চেকও দিয়ে যান। আর রেস্টুরেন্টে ৩০০ মানুষের খাবারের অর্ডার দেন। লোকটি আমাদের সঙ্গে বাজারেও যায়। গরুর মাংস, কক মুরগি, মসলা জাতীয় পণ্য, তেলসহ প্রায় লক্ষাধিক টাকার পণ্য কেনা হয়। আবার সে তার নিজের জন্য তেলসহ আরও বেশ কিছু পণ্য বাসার জন্য নিয়ে যায়। সকালে খাবার তৈরির পর থেকে মিজানুর রহমানের মোবাইল বন্ধ পাওয়া যায়।

সুইস গার্ডেন রেস্টুরেন্টের পরিচালক আবদুল্লাহ খালেদ শাহ জানান, ওয়ান ব্যাংক বহদ্দারহাট শাখার যে চেকটি মিজানুর রহমান দিয়েছেন, সেটিতে কোনো ব্যালেন্স নেই। তার মোবাইল ফোন নম্বরটি (০১৮৬২৫৭০৭৫৫) বন্ধ। তার বাড়ি নগরীর পাচঁলাইশ সনজিত রোড মাজার গেট এলাকায় বলে জানা গেছে।

এভাবে কেউ যেন আর প্রতারণার শিকার না হয়- সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন