সরকার বিনা পয়সায় করোনার ভ্যাকসিন সাধারণ মানুষের মাঝে প্রদান করছে: এমপি পঙ্কজ নাথ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১২ টায় কাজীরহাট থানাধীন উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ পঙ্কজ নাথ-এমপি। উদ্বোধনকালে তিনি বলেন, সরকার বিনা পয়সায় করোনার ভ্যাকসিন সাধারণ মানুষের মাঝে প্রদান করছে। নদীবেস্টিত এ উপজেলায় বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে, যারা ১২ থেকে ১৭ বছর বয়সী। এ সব শিক্ষার্থীদের টিকা দিতে নৌপথ পারি দিয়ে কষ্টকরে জেলা সদরে যেতে হতো। যা নিয়ে অভিভাবকরাও উদ্বিগ্ন ছিলো। আমরা চেষ্টা করেছি যাতে অভিভাবকদের দুঃশ্চিন্তা দূর করে শিক্ষার্থীদের কষ্ট লাঘব করা যায়।
এ লক্ষে বিকল্প পন্থায় মেহেন্দিগঞ্জ সদর ও কাজিরহাট থানাধীন লতা ইউনিয়নে টিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এক সপ্তাহ ধরে মেহেন্দিগঞ্জ সদরে শিক্ষার্থীদের টিকা প্রদান করা হচ্ছে আর আজ কাজিরহাট থানাধীন লতা ইউনিয়নের উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হলো।
এখানে ৫ টি ইউনিয়নের প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।আর গোটা উপজেলা প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। তিনি বলেন, স্ব এলাকায় টিকা প্রদানের এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে আমাদের আগাম সকল প্রস্তুতি নিতে হয়েছে। যারমধ্যে ভ্যাকসিনের ভায়েলের তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখতে মাইক্রোবাস, টিকা কেন্দ্রে এসি বসাতে হয়েছে। তারপরও শিক্ষার্থীদের টিকা দিতে পারছি এটা স্বস্তির।
এইচকেআর