বছর শুরুর প্রথম দু’দিনেই বরিশালে নিহত ৭

নতুন বছরের দুই দিনে বরিশালে ৬টি সড়ক দুর্ঘটনা ও একটি হত্যার ঘটনা ঘটেছে। শনিবার থেকে রবিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিবেদকদের পাঠানো সংবাদে এ তথ্য পাওয়া গেছে।
মুলাদী প্রতিবেদক জানান, রোববার (০২ জানুয়ারি) বেলা ১২টার দিকে মুলাদী-মীরগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের বড়ইয়া এলাকার মৃত খালেক হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৬০), কালাই নলীর ছেলে হারুন নলী (৪৫) ও মোনসেফ নলীর ছেলে রাজিব নলী (২৩)। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ওই ৩ ব্যক্তি দুপুর ১২টার দিকে মুলাদী শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন রাজিব নলী। মুলাদী সদর ইউনিয়নের কাজীরহাট ঈদগাহ সংলগ্ন এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
গৌরনদী প্রতিবেদক জানান, শনিবার (১ জানুয়ারি) ভোরে গৌরনদী উপজেলার আশোকাঠি ফিলিং স্টেশনের সামনে ট্রাক-নসিমনের সংঘর্ষে শহিদুল খান নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি উজিরপুর উপজেলার কেশবকাঠী গ্রামের বাসিন্দা। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন ।
পটুয়াখালী প্রতিবেদক জানান, শনিবার দুপুর ১টার দিকে পটুয়াখালী পায়রা সেতুর টোল প্লাজায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য শওকত হোসেন নিহত হন। নিহত কনস্টেবল শওকত হোসেন পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত ছিলেন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাকেরগঞ্জ প্রতিবেদক জানান, শনিবার রাতে বাকেরগঞ্জ উপজেলার সড়কে দুর্ঘটনায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়ির চালক রমজান আলী (২৬) নিহত হয়েছেন। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, যাত্রীবাহী একটি থ্রি হুইলার এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রলি পাল্লা দিয়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়ি দুটি রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ট্রলির চালক নিহত হন। তার মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়িটি নিয়ামতি ইউনিয়নে যাচ্ছিল।
বেতাগী প্রতিবেদক জানান, বেতাগীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধলু মৃধা নামে এক বৃদ্ধ খুন হয়েছে। বেতাগী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামের মৃত মোজাফফর মৃধার ছেলে ধলু মৃধা (৮০) তার বিরোধপূর্ণ জমিতে আমন ধান কাটতে যান। এ সময় প্রতিপক্ষরা এসে তার সাথে তর্ক-বিতর্ক করে। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান বৃদ্ধ ধলু মৃধা। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এমবি