আগৈলঝাড়ায় হামলা-সংর্ঘষে ৪ জন আহত

বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির জায়গার বিরোধকে কেন্দ্র করে হামলা-সংর্ঘষে ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে আহত ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামের আবুল বাশার মিয়ার ছেলে নাইমুল ইসলাম ইয়ারের জায়গা তাকে না জানিয়ে জোর পূর্বক বালু ভরাট করছিল তার বড় ভাই মোতালেব মিয়া। বালু ভরাটে বাঁধা দেয়ায় সংর্ঘষের ঘটনা ঘটে।
নাইমুল ইসলাম জানান, আমার বড় ভাই আমাদের না জানিয়ে জোর পূর্বক আমার বাড়ির জায়গা বালু ভরাট করছিল। তখন আমি বাঁধা দিলে আমার বড় ভাইয়ের দুই ছেলে শফিকুল মিয়া ও আসাদুল মিয়া ধারালো দা দিয়ে আমার উপর হামলা চালায়।
তখন হামলায় নাইমুল ইসলাম (৩৬), ভাই সাইম উদ্দিন মিয়া (৩১), নাইমুলের স্ত্রী নাসিমা বেগম ও মা গোলাপজান বেগম আহত হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত নাইমুল ও সাইমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রতিপক্ষের মোতালেব মিয়া জানান, আমার জায়গায় বালু ভরাট করার সময় কিছু বালু আমার ভাইদের জায়গা যায়। এনিয়ে বাকবিতন্ডার একপর্যায় আমার দুই ছেলের সাথে তাদের সংর্ঘষের ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসাইন জানান, হামলায় আহত দুইজনকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। তাদের দুইজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, হামলা-সংর্ঘষের ঘটনায় আহত একপক্ষ থানায় মৌখিক অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর